অংশগ্রহণমূলক নির্বাচনের পথে হাঁটছে নির্বাচন কমিশন: সানাউল্লাহ

দীর্ঘদিন দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকার পর বর্তমান নির্বাচন কমিশন একটি পূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গঠিত জেলা ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’-এর সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন যেকোনো অনিয়ম, সহিংসতা কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।"
তিনি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন কমিশন কোনো বিশেষ দল বা মতের তোয়াক্কা করবে না। দলমতের ঊর্ধ্বে থেকে দৃঢ়তার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার ও জিনিয়া চাকমা এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় বান্দরবান পুলিশ লাইনস প্রাঙ্গণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও নির্বাচন কমিশনারের একটি পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।











