অতিথি পাখিদের নিয়ে নির্বাচন করা হলে রক্তক্ষরণ হবে : বিএনপি নেতা মামুন মিয়া

আন্দোলন সংগ্রামে মাঠে না থাকা এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের খোঁজ খবর না রাখা এমন অতিথি পাখিদের নিয়ে নির্বাচন করা হলে ত্যাগী নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ করা হবে।
১৬ নভেম্বর ( রবিবার) বিকেলে কর্ণফুলী উপজেলার মেগা কনভেনশন সেন্টারে এক কর্মী সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম মামুন মিয়া।
উপজেলা বিএনপির আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এহসান খাঁন।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মুহাম্মদ ওসমানের সঞ্চলনায় উপজেলা-ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা এস এম মামুন মিয়া বলেন, চট্টগ্রাম ১৩ (আনোয়ারা- কর্ণফুলী) আসন থেকে সরওয়ার জামান নিজাম দলীয় নমিনেশন পেয়ে তিনবার এমপি হয়েছেন। অথচ দলের দুঃসময়ে তিনি মাঠে না থাকাতে তার সঙ্গে নেতাকর্মীদের দূরত্ব সৃষ্টি হয়েছে।এবার তিনি প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। কিন্তু চুড়ান্ত মনোনয়নে তার নাম থাকলে কর্ণফুলীর ত্যাগী নেতাকর্মীরা সিদ্ধান্ত দিলে অতীতের চেয়ে আরও বেশি কাজ করব তার জন্য।
তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল, ভাবনা ছিল সবাইকে নিয়ে নির্বাচনী কাজ শুরু করব। সবাই বলতে যারা বিএনপিকে ভুলে যায়নি জুলম অত্যাচার সহ্য করে পুলিশি নির্যাতন সহ্য করে নিজের বউ বাচ্চাকে দেখতে যেতে পারেনি। যাদের নিয়ে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি তাদের অবধান ভুলে গিয়ে কখনো একা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। দলের দুঃসময়ের নেতাকর্মীরা সিদ্ধান্ত দিলে আমরা নির্বাচনী প্রচারণায় কাজ করব।
বিএনপি নেতা এস এম মামুন মিয়া আরও বলেন, নির্বাচনের সময় সম্পর্ক এক রকম থাকে, নির্বাচনের পরে আরেক হয়ে যায়। এইখানে কর্ণফুলী বিএনপিকে ফাটল ধরাতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমি চাই কর্ণফুলী বিএনপি ঐক্যবদ্ধ থাকুক ঐক্যবদ্ধের প্রমাণ আজকের বিশাল এই কর্মী সমাবেশ। আমরা নিজের আত্মসম্মানকে বিলিয়ে কাজ করতে পারব না। দলের দুঃসময়ের নেতাকর্মীদের সিদ্ধান্তেই আমরা আগামীতে কাজ করব।











