অতীতের মতো নির্বাচন নয়, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে ভোটাররা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে পুলিশের শতভাগ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান। তিনি বলেন, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ প্রভাবমুক্ত এবং দৃষ্টান্তমূলক।
১০ ডিসেম্বর বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করা হয়েছে এবং আমি নিজেও সেই লক্ষ্যে কক্সবাজার জেলায় যোগদান করেছি। আমাদের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।
এসপি এ. এন. এম. সাজেদুর রহমান বলেন, অতীতের মতো নয়, এবার ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—এটি নিশ্চিত করতে কক্সবাজার জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতার আহ্বান জানান পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










