অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হবে হাদি হত্যার বিচার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই আলোচিত শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যা মামলাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এরই মধ্যে এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্ট বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি সভায় জানান, শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হবে।












