অবৈধ বালু ও কাঠ পাচারের নিরাপদ জোন ডুলাহাজারা বনবিট!
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

অবৈধ বালু ও কাঠ পাচারের নিরাপদ জোন ডুলাহাজারা বনবিট!

অবৈধ বালু ও কাঠ পাচারের নিরাপদ জোন ডুলাহাজারা বনবিট!
ছবি সংগৃহীত।

কক্সবাজার উত্তর বন বিভাগের অধীন ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিট এলাকায় অবৈধ কাঠ ও বালু পাচারকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বনজ সম্পদ রক্ষার দায়িত্বে থাকা ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের নীরব ভূমিকা ও কথিত সহযোগিতার কারণে এলাকাটি অবৈধ কাঠ ও বালু পরিবহনের নিরাপদ রুটে পরিণত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ডুলাহাজারা বাজারের পূর্ব পাশের সড়ক ব্যবহার করে প্রতিদিন লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কাঠবোঝাই একাধিক যানবাহন বের হয়ে মালুমঘাট হয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন অন্তত ৫ থেকে ৬টি কাঠবোঝাই যানবাহন এই রুট ব্যবহার করে চলাচল করে।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, কাঠবোঝাই প্রতিটি গাড়ি থেকে প্রায় ১,২০০ টাকা করে আদায় করা হয়। অভিযোগকারীদের দাবি, বন বিভাগের কিছু অসাধু ব্যক্তি দালালের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করে থাকে।

শুধু কাঠ নয়, ডুলাহাজারা বিট অফিসের সামনের সড়ক দিয়েও নিয়মিত অবৈধ বালুবাহী ট্রাক ও ডাম্পার চলাচল করছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, প্রকাশ্যে এসব যানবাহন চলাচল করলেও কার্যকর কোনো অভিযান বা প্রতিরোধমূলক ব্যবস্থা চোখে পড়ে না।

অনুসন্ধানে আরও উঠে এসেছে, একটি কথিত সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ বালুবাহী যানবাহনের কাছ থেকে মাসিক ভিত্তিতে (মাসোয়ারা) অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।


পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত কয়েকটি সড়ক স্থানীয়দের অভিযোগ, কাঠ ও বালু পাচারের জন্য মালুমঘাট চা-বাগান সড়ক, ডুলাহাজারা মার্কাজ সড়ক ছাড়াও আরও কয়েকটি ছোট গোপন সড়ক নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এসব রুট দিয়েই নির্বিঘ্নে অবৈধ বনজ সম্পদ ও বালু পরিবহন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক-এসিএফ) মুহাম্মদ কামরুল হাসান বলেন, “আমি নতুন এসেছি। বিষয়গুলো খোঁজ-খবর নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার উত্তর বন বিভাগ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।