আজীবন গণতন্ত্র ও জনগণের পক্ষে লড়েছেন খালেদা জিয়া- আসহাব উদ্দিন চৌধুরী
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশ ও জাতির সংকটকালে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অবদান ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।
শুক্রবার রাত ৮টায় লোহাগাড়ার তাজমহল কমিউনিটি সেন্টার মাঠে সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সংকটময় সময়ে খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করেই বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এগিয়ে যেতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থাকে বিজয়ী করার আহবান জানান।
ইউপি সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বের সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জামাল হোসেন, সিনিয়র সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনের ধানেরশীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এ.টি.এম জাহেদ চৌধুরী প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।











