আনোয়ারায় এনসিপি নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম

আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনকে রামদা দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত দেলোয়ার হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও দেলোয়ারের সহকর্মী মো. জুলফিকার বলেন, "দুর্বৃত্তরা হঠাৎ করেই কুপিয়ে পালিয়ে যায়। তার পিঠে ও ঘাড়ে বেশি জখম হয়েছে। আমি তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।"
দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জোবাইরুল আলম মানিক বলেন, "চাতরী চৌমুহনী বাজারে ব্যবসায়ীদের কিছু বিষয় নিয়ে সকাল থেকে উত্তেজনা চলছিল বলে শুনেছি। এটা আমাদের বিষয় নয়। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ বিএনপির কিছু সন্ত্রাসী কোনো কারণ ছাড়া আমাদের উপজেলার সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনকে রাতের আঁধারে অতর্কিত কুপিয়ে জখম করে। আমরা প্রশাসনকে এসব সন্ত্রাসীকে আজকের রাতের মধ্যে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।"
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, "এনসিপি নেতার ওপর হামলার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়েছি, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।"











