আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁশখালীর প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কাজ শেষে এসি (শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র) মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুনুর রশিদ (৩৭) নামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম তালুকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।
মৃত্যুর পাঁচ দিন পর শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কফিনবন্দি হয়ে তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়। রাত ৯টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনরা তাঁর মরদেহ গ্রহণ করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে আবুধাবিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে কাজ শেষে বাসায় ফেরার পর এসিতে সমস্যা দেখা দিলে সেটি মেরামতের জন্য ভবনের ছাদে যান মামুনুর রশিদ। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
কালীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ফরিদ জানান, মামুনুর রশিদ প্রায় ২০ বছর ধরে প্রবাসে ছিলেন। আবুধাবিতে তিনি নিজস্ব লাইসেন্স নিয়ে সাব-কন্ট্রাক্টর ভিত্তিতে ভবনের ডেকোরেশন, টাইলস ও ডিজাইনের কাজ করতেন। তাঁর অধীনে বেশ কয়েকজন শ্রমিকও কর্মরত ছিলেন। দীর্ঘদিন প্রবাসে থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি পরিবারের হাল ধরেছিলেন।
শনিবার রাত ৯টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি বিশেষ ফ্লাইটে মামুনুর রশিদের মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই স্বজনরা মরদেহ বুঝে নেন।
এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি বাঁশখালীর পালেগ্রামে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে পালেগ্রাম মাগন আলী জামে মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর এই অকালমৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।











