আমন্ত্রণ না পেয়ে ফটিকছড়ি ক্রীড়া সংস্থা ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতা মুন্নার

ফটিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সম্পৃক্ত না করা এবং ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে সংস্থাটির সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব প্রকৌশলী বেলাল উদ্দিন মুন্না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। স্ট্যাটাসে বেলাল মুন্না অভিযোগ করেন, ক্রীড়া সংস্থার সদস্য হওয়া সত্ত্বেও ফটিকছড়িতে নতুন কুঁড়ির উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে তাঁকে জানানো হয়নি। কয়েক দিন আগে নতুন কুঁড়ি উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠন করা হলেও এ বিষয়ে তাঁর কোনো পরামর্শ নেওয়া হয়নি কিংবা অবহিত করা হয়নি। এমনকি এখন পর্যন্ত ক্রীড়া সংস্থার কোনো সভাও আহ্বান করা হয়নি।
মুন্না তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, গত বছর নতুন কুঁড়ি আয়োজনেও তাঁর যথেষ্ট ভূমিকা ছিল। তিনি ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার প্রত্যাশা করেছিলেন। তাঁর মতে, রাজনীতি ও ক্রীড়াঙ্গন একসঙ্গে চলতে পারে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমী হতে হবে।
স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ক্রীড়া তাঁর রক্তের সঙ্গে মিশে আছে। তাঁকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ক্রীড়াঙ্গন থেকে দূরে রাখা সম্ভব হবে না। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে সরকারের ঘোষিত ‘ক্রীড়া হবে পেশা’ স্লোগান বাস্তবায়নে নিজের অবস্থান থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যপদ থেকে পদত্যাগ করবেন বলেও জানান।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহিনউদ্দিন বলেন, "মুন্না ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য। তাঁকে আমন্ত্রণ না জানানো একটি ভুল হয়েছে। সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য সাইফুল ইসলাম নামে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পালনের ক্ষেত্রে ভুলবশত তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, "সদস্যসচিব বিষয়টি নিয়ে আলোচনা করলে সহজেই সমাধান হয়ে যেত। হয়তো ভুলবশত তাঁকে জানানো হয়নি। সদস্যদের তো নিজেরা এগিয়ে এসে সহযোগিতা করার কথা। এ নিয়ে অভিমান করা ঠিক নয়। শিগগিরই ক্রীড়া সংস্থার নির্বাচন হবে। নির্বাচিত কমিটি দায়িত্ব নিলে ক্রীড়া সংস্থার কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা করছি।"












