আলীকদম সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশুকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী (পদাতিক)-এর দিকনির্দেশনায় মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ (এএমসি) ক্যাম্পটি পরিচালনা করেন। দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চিকিৎসাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ এতে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ পান।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমনের পাশাপাশি পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে তারা নিয়মিত জনকল্যাণমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ব্যাটালিয়নের অধীন অন্যান্য দুর্গম বিওপি এলাকায়ও এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রমটি সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক সহায়তার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৭ বিজিবি।












