আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত চকরিয়া ৪র্থ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সম্পন্ন

প্রতি বছরের মতো এবারও চকরিয়া ক্বিরাত সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হলো ৪র্থ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। শুক্রবার (৫ ডিসেম্বর) চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বের চারটি দেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীগণ অংশ নেন। তাঁদের হৃদয়গ্রাহী তেলাওয়াতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো সম্মেলনস্থল।
দুপুর থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ক্বারীগণ তেলাওয়াত করেন। পরে এশার নামাজের পর থেকে রাত ১১টা পর্যন্ত আন্তর্জাতিক ক্বারীদের মনোমুগ্ধকর তেলাওয়াত পরিবেশিত হয়। অংশগ্রহণকারী অতিথি ক্বারীদের মধ্যে ছিলেন, মিশরের শাইখ মোহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি, তানজানিয়ার ক্বারী রজাঈ আইয়ুব, আফ্রিকার ক্বারী ফরদান আদম, পাকিস্তানের ক্বারী আব্দুল বাসিত আসলাম, বাংলাদেশের প্রখ্যাত ক্বারী হিজবুল্লাহ আল মোজাহিদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া–পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ পরিষদের মহাসচিব হাফেজ আমান উল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চকরিয়া ক্বিরাত সংস্থার সভাপতি নুরুন্নবী। সঞ্চালনায় ছিলেন সংস্থার সহ-সভাপতি মাওলানা ইকবাল হাসান আনোয়ারী এবং সেক্রেটারি মুছা ইবনে হোসাইন বিপ্লব।










