ইউরোপে ফুল স্কলারশিপে মাস্টার্স, সুযোগ বাংলাদেশিদেরও
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ইউরোপে ফুল স্কলারশিপে মাস্টার্স, সুযোগ বাংলাদেশিদেরও

ইউরোপে ফুল স্কলারশিপে মাস্টার্স, সুযোগ বাংলাদেশিদেরও
ছবি সংগৃহীত।

ইউরোপে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স করার নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইরাসমাস মুন্ডাস কর্মসূচির আওতায় ৩৭টি নতুন যৌথ মাস্টার্স প্রোগ্রাম নির্বাচন করা হয়েছে।

এসব প্রোগ্রামে মেধার ভিত্তিতে ফুল স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকবে।
ইউরোপীয় কমিশন গত ১৬ জুলাই নতুন কর্মসূচিগুলো নির্বাচনের ঘোষণা দেয়।

২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া কোর্সগুলোর জন্য ২০২৬ সালের শরৎকাল থেকে আবেদন গ্রহণের কথা জানানো হয়েছে। তবে প্রতিটি কোর্সের আবেদনের সময়সীমা আলাদা।
নতুন কোর্সগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর প্রযুক্তি, মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, অ্যানিমেশন, পানি ও পরিবেশ ব্যবস্থাপনা, ন্যানো-ইঞ্জিনিয়ারিং এবং সংক্রামক রোগসহ বিভিন্ন বিষয়।

অন্যদিকে ইরাসমাস মুন্ডাসের বিদ্যমান ‘ইউরোকালচার জয়েন্ট মাস্টার’ কর্মসূচিতে ২০২৭–২৯ শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে।

এই কোর্সে ফুল স্কলারশিপের আবেদন করা যাবে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
কী কী সুবিধা পাওয়া যাবে
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে পড়াশোনার খরচের পাশাপাশি ভ্রমণ, ভিসা ও জীবনযাত্রার জন্য আর্থিক সহায়তা পাওয়া যায়। সাধারণভাবে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ১ হাজার ৪০০ ইউরো ভাতা পান। দুই বছরের কোর্সে মোট ভাতার পরিমাণ দাঁড়ায় ৩৩ হাজার ৬০০ ইউরো।

ইউরোকালচার স্কলারশিপে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, স্বাস্থ্যবিমা এবং ২৪ মাস ধরে মাসিক ১ হাজার ৪০০ ইউরো ভাতা দেওয়া হবে।

তবে সব কোর্সে একই ধরনের স্কলারশিপ বা আবেদনের সময়সীমা নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই বৃত্তি নিশ্চিত হবে না।

কারা আবেদন করতে পারবেন
বাংলাদেশি শিক্ষার্থীরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন। সাধারণ ইরাসমাস মুন্ডাস কর্মসূচির কিছু কোর্সে স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পান।

তবে ইউরোকালচার স্কলারশিপের জন্য ২০২৭ সালের ১৫ জানুয়ারির মধ্যেই স্নাতক ডিগ্রি সম্পন্ন করার প্রমাণ থাকতে হবে।

ইউরোকালচার মূলত আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, সংস্কৃতি, গণযোগাযোগ, গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য উপযোগী।

আইইএলটিএস কি লাগবে
ইউরোকালচারে আইইএলটিএস একাডেমিকে ন্যূনতম ৬ দশমিক ৫ স্কোর প্রয়োজন। প্রতিটি অংশেও অন্তত ৬ দশমিক ৫ থাকতে হবে। তবে অনুমোদিত বিকল্প ইংরেজি পরীক্ষা গ্রহণ করা হয়।

স্নাতক বা স্নাতকোত্তর সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে শেষ করা শিক্ষার্থীরা প্রয়োজনীয় প্রমাণ দেখিয়ে ভাষা পরীক্ষায় ছাড় পেতে পারেন।

কীভাবে আবেদন করবেন
ইরাসমাস মুন্ডাসের জন্য একটি অভিন্ন আবেদন পোর্টাল নেই। শিক্ষার্থীদের পছন্দের কোর্সের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে হবে।

ইউরোকালচারের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, ট্রান্সক্রিপ্ট, সিভি, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ এবং অন্তত ২ হাজার শব্দের একাডেমিক লেখার নমুনা প্রয়োজন। পাশাপাশি দুজন সুপারিশকারীর যোগাযোগের তথ্য দিতে হবে। আবেদন ফি নেই।

ইউরোকালচার স্কলারশিপের ফল ২০২৭ সালের মার্চের শেষ নাগাদ জানানোর কথা রয়েছে।


ইউরোকালচারের আবেদন ও নির্দেশনা: https://www.euroculturemaster.eu/application-procedure




এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল
ছবি সংগৃহীত।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা জানা যাবে বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়ে ১ লাখ ১৭ হাজার ৭০০টি। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল জানতে পারছেন। এ ছাড়া আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।




যোগ্য নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

যোগ্য নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত
ছবি সংগৃহীত।

যে সকল যোগ্য নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে আর্থিক সংকটে ভুগছে, সেগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্তির আওতায় এনে নিয়মিত শিক্ষক পদায়নের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদের তথ্য এনটিআরসিএ সংগ্রহ করা হয়ে থাকে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা নিরসনে ইতোমধ্যে শূন্য পদের তালিকা পিএসসি-তে পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পরবর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই উপজেলার শূন্য পদসমূহে নতুন শিক্ষক সুপারিশ করা হবে। কোম্পানীগঞ্জ ও কবিরহাটসহ দেশের সকল চরাঞ্চলীয় ও নদীভাঙনপ্রবণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদে পাঠদান সচল রাখতে শিক্ষকদের পদায়ন সংক্রান্ত বিশেষ তদারকি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যে সকল যোগ্য নন-এমপিও প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে আর্থিক সংকটে ভুগছে, সেগুলোকে নির্ধারিত নীতিমালার আলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্তির আওতায় এনে নিয়মিত শিক্ষক পদায়নের সুযোগ সৃষ্টি করার সিদ্ধান্ত রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন একটি সার্বিক ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া। কোম্পানীগঞ্জ ও কবিরহাটসহ দেশের সব এলাকায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হবে।




এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী
ছবি সংগৃহীত।

এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানো হবে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা গ্রহণের পদ্ধতিতেও বড় পরিবর্তন আনা হবে।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস হয়নি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা কিন্তু নয়। আগামীতে প্রশ্ন মডারেশন থেকে শুরু করে সবকিছুতে পরিবর্তন আনছি। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থার দিকে আমরা এগোচ্ছি।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এরইমধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সময়ে মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে তিনি খুঁজে পাননি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই চিত্র দেখেছেন। সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী হাত তুলেছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখন প্রত্যেক শিক্ষার্থীই বৈশ্বিক নাগরিক। মেধাবীদের কোনো ভিসা লাগে না, মেধাবীদের কোনো ঠিকানা লাগে না। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে।

শিক্ষা খাতে বাজেট বাড়ানোর তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, আগে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার কোটি টাকা। এবার তা বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিজ্ঞান ও নার্সিংয়ের মতো বিষয় যুক্ত করা হচ্ছে। সারাদেশে শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুক আজকাল তিলকে তাল বানায়। আমি মিডিয়াকে আহ্বান জানাবো, শিক্ষার ক্ষেত্রে তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।