ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে চকরিয়ায় গ্রাহকদের মানববন্ধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জনতা শপিং সেন্টারের সামনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এমডি ও সিইও ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল ১০টায় “সাধারণ গ্রাহক ইসলামী ব্যাংক বাংলাদেশ” ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যাপক আবু নাইম আজাদ এবং পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আইয়ুব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জামাল হোছাইন নুরী, মো. জায়েদ, খন্দকার মোহাম্মদ হোসেন, মাওলানা ওসমান গনি, জিয়াউল করিমসহ কয়েক শ গ্রাহক।
বক্তারা বলেন, গ্রাহকের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এমডি ওমর ফারুক খানকে দ্রুত পুনর্বহাল করতে হবে।
এ সময় তাঁরা বর্তমান এমডি জামাল উদ্দিন জসিমকে বহিষ্কার ও চেয়ারম্যান ড. জুবাইদুর রহমানের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ব্যাংক লুটের অভিযোগে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং ইসলামী ব্যাংকে সরকারের অবৈধ হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান বক্তারা।










