ঈদগাঁওতে সেনাবাহিনীর অভিযান, ট্রাকসহ ১০টি বার্মিজ গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁওতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার করা ১০টি বার্মিজ গরু ও একটি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার কালিরছড়া বন এলাকা থেকে এসব গবাদিপশু জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ বীর ব্যাটালিয়নের একটি টহল দল মেজর কাজী ইনতিসার সালিমের নেতৃত্বে কালিরছড়া বন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গরু ও ট্রাক ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিজিবি-১১ ব্যাটালিয়নের অধিনায়ককে বিষয়টি অবহিত করা হয়। দুপুর ১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত গরু ও ট্রাক কালিরছড়া বন অফিসের সামনে থেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।










