ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত বন মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে বন মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. রফিককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. রফিক ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া গ্রামের হামিদ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল কালিরছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বন বিভাগের দায়ের করা একটি মামলায় আদালত তাকে ১৮ মাসের সশ্রম কারাদণ্ড দিলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, “গ্রেপ্তারকৃত আসামি রফিকের বিরুদ্ধে দেড় বছরের কারাদণ্ডসহ গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”










