ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁওয়ে সেচ বাঁধের (গোদা) পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নতুন অফিস অরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জুমনগর অরতলী গ্রামের রমজান আলীর পুত্র রাফি (৭) ও একই এলাকার মোহাম্মদ হোসেনের কন্যা সানিয়া (৮)। তারা স্থানীয় শিশুদের সাথে গোদার পানিতে এক সাথে গোসল করতে নেমে ডুবে যায় এবং উভয়ই একটি নুরানী মাদ্রাসায় পড়ত বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাহাড়ি জনপদ অরতলী গ্রামে সেচ বাঁধের (গোদা) পানিতে গোসল করতে নামে ওই দুই শিশু। এ সময় সাঁতার না জানায় পানিতে তারা তলিয়ে যায়। পাশের অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন সাবেক ইউপি সদস্য আব্দু শুক্কুর। তিনি বলেন, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল বলেন, উভয় পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।










