ঈদগাঁও–ঈদগড় সড়কে অপহৃত শ্রমিক মুক্তিপণে মুক্ত

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে গণডাকাতির সময় অপহৃত রাজমিস্ত্রি নজরুল ইসলাম (২৫) মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপহরণকারীরা তাকে পাহাড়ি এলাকায় ছেড়ে দেয়। এর আগে মঙ্গলবার রাতে ঈদগাঁও ইউনিয়নের হিমছড়ি ঢালা নামক স্থানে ডাকাতির সময় তাকে অপহরণ করা হয়েছিল।
ভুক্তভোগী নজরুল ইসলাম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা গ্রামের নুর মোহাম্মদ পেটানের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ৫০ হাজার টাকা মুক্তিপণ প্রদানের পর তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
অপহরণের বর্ণনা দিয়ে নজরুল ইসলাম বলেন, "মঙ্গলবার রাতে ডাকাতির সময় আমাকেসহ চারজনকে অপহরণ করে ডাকাত দল। বাকি তিনজনকে ছেড়ে দিলেও আমাকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সশস্ত্র ডাকাতরা সারাক্ষণ মুখোশ পরে পাহারা দিত। বুধবার সন্ধ্যায় আমার চাচাতো ভাই নির্দিষ্ট স্থানে মুক্তিপণ পৌঁছে দিলে তারা আমাকে ছেড়ে দেয়।"
এই সড়কে প্রায়ই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। ঈদগড় ও বাইশারী এলাকার বাসিন্দারা সড়কে চলাচলের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।
যোগাযোগ করা হলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, “মুক্তিপণের বিনিময়ে অপহৃত ব্যক্তির ফিরে আসার বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে জেনেছি। তবে এ বিষয়ে কোনো ভুক্তভোগী এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেননি।”












