উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও হাসপাতালে অগ্নিকাণ্ড, পুড়েছে ঘরবাড়ি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে মধুরছড়া এলাকার ৪ নম্বর ক্যাম্পে একটি হাসপাতাল এবং এর আগে রাতে কুতুপালং ক্যাম্পে আগুনে বেশ কিছু বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অবস্থিত ‘ওবাট হেলথ পোস্ট’ নামে একটি হাসপাতাল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে হাসপাতালটির ভবনসহ ভেতরে থাকা বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম ও মূল্যবান মালামাল ভস্মীভূত হয়েছে।
প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর ডা. মাহমুদুল হাসান সিদ্দিকী রাশেদ বলেন, “হঠাৎ লাগা আগুনে পুরো হাসপাতালটি পুড়ে গেছে। এর ফলে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গারা বিনামূল্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
অন্যদিকে, এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত পাঁচটি বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পাওয়া মাত্রই আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুটি অগ্নিকাণ্ডের ঘটনাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”










