উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে স্পিডবোট বহরে সেন্টমার্টিনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী

দেশের সর্ব দক্ষিণের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে দলীয় কর্মসূচিতে যোগ দিতে স্পিডবোট বহর নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছেন সদ্য বিএনপি মনোনীত কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
একঝাঁক নেতাকর্মী নিয়ে তিনি আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে সমুদ্রপথে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হন। সাগরের উত্তাল ঢেউ উপেক্ষা করে প্রায় আধা ঘণ্টা পাড়ি দিয়ে তিনি সেন্টমার্টিন পৌঁছালে অপেক্ষমাণ শত শত দ্বীপবাসী তাঁকে স্বাগত জানান এবং বিএনপির মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানান।
টেকনাফ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন জানান, সোমবার রাতে বিএনপির মনোনয়ন ঘোষণার পর প্রথম দেশের সর্বশেষ ভূখণ্ড সেন্টমার্টিন থেকেই উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের প্রচার-প্রচারণা শুরু করতে এবং নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে শাহজাহান চৌধুরী এখানে এসেছেন।
এ সময় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ তাঁর সফরসঙ্গী ছিলেন।
সূত্র অনুযায়ী, সেন্টমার্টিন দ্বীপে তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে— দ্বীপের একমাত্র হাসপাতাল পরিদর্শন, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে ঔষধ সামগ্রী বিতরণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতার সঙ্গে সাক্ষাৎ ও উঠান বৈঠকে অংশগ্রহণ।












