এসএসসি/এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শিক্ষাবৃত্তি দিলো কক্সবাজার জেলা পরিষদ

২০২৬ সালের এসএসসি/এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ।
২৪ নভেম্বর জেলা পরিষদের কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী।
এ সময় তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কক্সবাজারের মেধাবী শিক্ষার্থীরা যেন আর্থিক অসচ্ছলতার কারণে ঝরে না পড়ে। সে লক্ষ্যে জেলা পরিষদ নিয়মিত আর্থিক সহায়তা ও প্রতি বছর শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এতে করে ঝরেপড়া শিক্ষার্থীদের হার কমে আসছে।
নুরুল বশর চৌধুরী বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, জেলা পরিষদ সবসময় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করার নিমিত্ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর বৃত্তি প্রদানসহ লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য যে কোন প্রকার আর্থিক সহায়তা প্রদান করে আসছে জেলা পরিষদ। ভবিষ্যতে ধারা অব্যাহত থাকবে।
তিনি বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আজকের শিক্ষার্থীদের হাত ধরে আগামীর উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিনসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি মিজ্ সুরাইয়া আক্তার সুইটি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। কক্সবাজার জেলার ভাবমূর্তি উজ্জ্বল করতে ও মাদকমুক্ত কক্সবাজার গড়ে তুলতে ভূমিকা রাখতেও তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন তিনি। যেকোন প্রতিকূলতায় জেলা পরিষদ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন সভাপতি।
উল্লেখ্য, কক্সবাজার জেলার ১০টি উপজেলায় এসএসসি/এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩১৪জন শিক্ষার্থীদের অনুকূলে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বমোট ২০ লক্ষ ৯৮ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ
জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এই শিক্ষাবৃত্তি তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে অভিমত প্রকাশ করেন।











