এসিআই বীজে কারসাজি: একশ হেক্টর জমির ধান ফলন বিপর্যয়

কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ সুরাজপুর এলাকায় এসিআই কোম্পানির সরবরাহকৃত ‘ধানী গোল্ড’ নামের বীজ ব্যবহার করে চাষ করা ধানক্ষেতের ফলন সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে অন্তত একশ হেক্টর জমির ধান নষ্ট হয়ে প্রায় ৭০ জন কৃষক মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।
স্থানীয় কৃষক সাবের আহমদ ও জামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, এসিআই কোম্পানির নকল ও নিম্নমানের বীজ বিক্রির কারণে আজ শত শত কৃষকের পেটে লাথি মারা হয়েছে। শুধু সুরাজপুর-মানিকপুর ইউনিয়নেই কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরেক কৃষক আবু তৈয়ব জানান,
আমরা চকরিয়া পৌর এলাকার অনুমোদিত ডিলারদের কাছ থেকে এসিআই-এর ধানী গোল্ড বীজ কিনে চাষ করেছি। শুরু থেকেই কোম্পানির প্রতিনিধিরা ভালো ফলনের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ফলন হয়নি। কোম্পানির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কেউ মাঠে আসেননি।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা (সুরাজপুর-মানিকপুর দায়িত্বপ্রাপ্ত) দোলন দাশ বলেন, ক্ষেত পরিদর্শন করে দেখা গেছে কৃষকদের অভিযোগ সত্য। বীজের ত্রুটির কারণেই ফলন বিপর্যয় ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণ এবং এসিআই কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে এসিআই কোম্পানির চকরিয়া এলাকার সিনিয়র মার্কেটিং কর্মকর্তা দিদারুল ইসলাম রিংকু বলেন, কৃষকদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকাও পাঠানো হয়েছে।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে; প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












