ওলামা-মাশায়েখকে রাজনীতি সচেতন হতে হবে: মাওলানা শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ওলামা-মাশায়েখগণ অপরিসীম যোগ্যতার অধিকারী। আল্লাহ তাআলা তাঁদের বহুমুখী প্রতিভা দিয়েছেন। কিন্তু তাঁরা শুধুমাত্র মসজিদ, মাদরাসা ও খানকাহকেন্দ্রিক মেহনত করেন। মানবজীবনের সঙ্গে সম্পৃক্ত রাষ্ট্রের অন্যান্য বিভাগে খেদমত করতে চান না। তাই সেই সব অঙ্গনে সৎ নেতৃত্ব কায়েম হচ্ছে না। ফলে সমাজ ও রাষ্ট্রের প্রায় প্রতিটি সেক্টরে ক্রমাগত দুর্নীতি ও অনাচার বেড়ে চলছে। এসব বন্ধ করতে হলে ওলামা-মাশায়েখগণকে রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতির ময়দানকে কলুষমুক্ত করতে হবে। সৎ নেতৃত্বের জন্য আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। ওলামা হজরতকে মসজিদের ইমাম হওয়ার পাশাপাশি সমাজেরও ইমাম হতে হবে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে ডলু ব্রিজের পশ্চিমে অ্যারাবিয়ান কনভেনশন সেন্টারে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, ১৯০৫ সাল থেকে এই অঞ্চলের ওলামাগণ একটি কল্যাণমূলক রাষ্ট্র কায়েমের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ঐক্যবদ্ধ না হওয়ার কারণে সফলতা আসেনি। এবার ২৬ শে জুলাইয়ের চেতনার ভিত্তিতে ৮ টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। এতে দেশ ছাড়িয়ে বিদেশেও সাড়া পড়ে গেছে। এ ঐক্য ধরে রেখে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।
উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা ওলামা-মাশায়েখ বিভাগের দায়িত্বশীল মাওলানা আবু আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ইবরাহীম চৌধুরী, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা হামিদ উদ্দিন আজাদ প্রমুখ।
ওলামা-মাশায়েখগণের পক্ষ হতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা নুরুল আজীম, অধ্যক্ষ মাওলানা মুনীরুল আলম, অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ আল কাদেরী, মুহাদ্দিস মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আজিজুল হক, মাওলানা তারেক হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল নোমান, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মুহাম্মদ ইবরাহীম, মাওলানা রেজাউল করিম, মাওলানা কফিল উদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন সাতকানিয়া মডেল মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান।
ছবি- সাতকানিয়ায় ওলামা সমাবেশে বক্তব্য রাখছেন মাওলানা মুহাম্মদ শাহজাহান।











