কক্সবাজারের চকরিয়ায় জলাতঙ্ক নির্মূলে ৫ দিনব্যাপী ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু

দেশ থেকে প্রাণঘাতী জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্য নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২৫ বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই কার্যক্রম সফল করতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সংশ্লিষ্ট কর্মীদের নিয়ে এক ‘অ্যাডভোকেসি ও সায়েন্টিফিক’ (ACS) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই গণটিকাদান কর্মসূচি পরিচালিত হবে। মাঠ পর্যায়ে কার্যক্রমটি তদারকি ও বাস্তবায়নের জন্য মোট ৫৯টি দক্ষ টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে কুকুর ধরার বিশেষ কর্মী, টিকাদানকারী ও তথ্য সংগ্রহকারী অন্তর্ভুক্ত রয়েছেন। বিস্তারিত পরিকল্পনায় জানানো হয়, প্রতিটি ইউনিয়নে তিনটি করে এবং পৌরসভা এলাকায় পাঁচটি টিম একযোগে কাজ করবে। এই বৃহৎ কর্মযজ্ঞে মোট ১১৮ জন দক্ষ কুকুর ধরার কর্মীসহ ৫৯ জন টিকাদানকারী ও ৫৯ জন তথ্য সংগ্রহকারী সরাসরি মাঠে নিয়োজিত থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন বলেন, কুকুরের মাধ্যমে ছড়ানো জলাতঙ্ক একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাধি। এই রোগ সম্পূর্ণ প্রতিরোধে এমডিভি (ম্যাস ডগ ভ্যাক্সিনেশন) কার্যক্রমের কোনো বিকল্প নেই। তিনি সাধারণ মানুষকে নিজ নিজ এলাকার বেওয়ারিশ ও পোষা কুকুরকে টিকা দেওয়ার ক্ষেত্রে টিকাদানকারী কর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণে জলাতঙ্কমুক্ত চকরিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।










