কক্সবাজারে ছাত্রদল নেতার নিকট থেকে যুবদল নেতার চাঁদা দাবি
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

কক্সবাজারে ছাত্রদল নেতার নিকট থেকে যুবদল নেতার চাঁদা দাবি

কক্সবাজারে ছাত্রদল নেতার নিকট থেকে যুবদল নেতার চাঁদা দাবি
ছবি সংগৃহীত।

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে দোকান বসাতে গিয়ে আলমগীর চৌধুরী নামক ছাত্রদল নেতার নিকট থেকে যুবদল নেতার চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন ওই ছাত্রদল নেতা। 
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমার ছোট মামা নীলিমার পাশে একটি ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। হঠাৎ প্রশাসনের উচ্ছেদ অভিযানে তার সেই দোকানটি ভেঙে ফেলা হয়। আমরা ভেবেছিলাম—কিছুদিন কষ্ট হলেও আবার একই জায়গায় দোকান বসিয়ে নতুন করে শুরু করবো।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই সুযোগটুকুও পেলাম না। স্থানীয় ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী এসে সেই জায়গাটি দখল করে নেয়। বিষয়টি নিয়ে এলাকার তিনজন বড় ভাইয়ের কাছে বিচার দিলাম, কিন্তু কোনো সমাধান হলো না।
শেষ পর্যন্ত আমি নিজেই তার সাথে কথা বলতে যাই, সাথে ছিল আরও কয়েকজন ছাত্রনেতা। দীর্ঘ আলোচনার পর তিনি যে “সমাধান” দিলেন, তা শুনে অবাক হয়ে গেলাম—
ওই জায়গায় আবার দোকান বসাতে হলে আমাকে ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা দিতে হবে! প্রশ্ন হলো—এটা কিসের বিচার? এটা কিসের ন্যায়?
আলমগীর চৌধুরী তার স্ট্যাটাসে লেখেন, একজন অসহায় মানুষের জীবিকার জায়গা দখল করে নিয়ে, আবার সেখানে দাঁড়াতে গেলেও টাকা দিতে হবে—এই কি আমাদের সমাজের বাস্তবতা? আজ সত্যিই মনে হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো মানুষ খুবই কমে গেছে।
দীর্ঘদিন ধরে আমি সৎভাবে নিজের কাজ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সম্প্রতি এক যুবদল নেতা আমার কাছে ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছে।
তিনি বলেন, আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না, কোনো চাঁদাবাজির সাথে আপস করবো না। এই ধরনের কর্মকাণ্ড শুধু একজন মানুষের ক্ষতি করে না, বরং একটি সংগঠনের ভাবমূর্তিকেও নষ্ট করে।
আমি প্রশাসন ও সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হোক এবং এর সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক। অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, ন্যায়ের পক্ষে দাঁড়ান।
অভিযুক্ত যুবদল নেতার পরিচয় জানতে চাইলে আলমগীর চৌধুরী বলেন, যুবদল নেতা শাহনেওয়াজকে চাঁদা না দিলে দোকান বসাতে দিবেনা বলে জানিয়েছেন। সিনিয়র নেতারাও এ বিষয়ে কোনো প্রতিকার দিতে পারেনি। বাধ্য হয়ে স্ট্যাটাস লিখেছি। 
তবে অভিযুক্ত শাহনেওয়াজ চাঁদা দাবির অভিযোগ ডাহা মিথ্যা বলে দাবি করেন। উল্টো আলমগীর চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেন তিনি।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।