কক্সবাজারে পর্যটন পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সভা

কক্সবাজারে পর্যটন পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর সকালে কক্সবাজার ট্যুরিস্ট ক্লাব ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্যুরিজম ট্রেনিং এণ্ড রিচার্স (বিআইটিটি) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মিজ নুজহাত ইয়াসমিন।
তিনি বলেন, পর্যটন এলাকার সৌন্দর্য রক্ষায় নিজেদের ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে শুধু প্রশাসন নয়, পর্যটকদেরও দায়িত্ব রয়েছে। সবার সদিচ্ছা থাকলে একটি পর্যটন এলাকাকে সুশৃঙ্খল ও সুন্দর রাখা যায়।
প্রধান অতিথি আরও বলেন, পর্যটন এলাকার সমস্যাগুলোর একেকটি করে সমাধানের চেষ্টা করা হবে।
বিআইটিটি ও কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের চেয়ারপার্সন এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টুয়াকের ভারপ্রাপ্ত সভাপতি এম এম সাদেক লাবু, কক্সবাজার হোটেল অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আওলাদ হোসেন কেনেডি, আইএসসি কক্সবাজার এর সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা আশেক।
তারা বর্তমান বীচ ম্যানেজমেন্ট কমিটির তীব্র সমালোচনা করেন। এই কমিটি ভেঙ্গে বিতর্কমুক্ত ও দক্ষ কমিটি গঠনের দাবি জানান।
সভায় বক্তারা বলেন, বিচ ম্যানেজমেন্ট কমিটি কোন কর্পোরেশন কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। এই কমিটির নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট থেকে অর্থ আদায় করা পুরোপুরি বেআইনি। এসব কার্যক্রম বন্ধ করতে হবে।
বিচ ম্যানেজমেন্ট কমিটি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ না করা পর্যন্ত সমুদ্র সৈকতে শৃঙ্খলা আসবে না বলে বক্তারা মনে করেন।
দক্ষতা বৃদ্ধি ও পর্যটনের উন্নয়নে কাজ করছে ট্যুরিস্ট ক্লাব এবং বিআইটিটি। এ ক্ষেত্রে সকল স্টেকহোল্ডারদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এম রেজাউল করিম।
মতবিনিময় সভায় পর্যটন ব্যবসায়ী হুমায়ুন ইসলাম সুমন, আল আমিন বিশ্বাস তুষার, মমতাজ মিয়া রাজু, কাদের খান, মিলন মাহমুদ, শাহাদাত হোসেন লিটু, মিস সাবনুর নুরী, মঞ্জুর আলম, মিজানুর রহমান, রিয়াজ উদ্দিন, একরামুল হক, হাসান মাহমুদ, পার্থ বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।












