কক্সবাজারে যুবদলের ২ নেতার ওপর এলোপাতাড়ি গুলি বর্ষণ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

কক্সবাজারে যুবদলের ২ নেতার ওপর এলোপাতাড়ি গুলি বর্ষণ

কক্সবাজারে যুবদলের ২ নেতার ওপর এলোপাতাড়ি গুলি বর্ষণ
ছবি: গুলিবিদ্ধ সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)।

কক্সবাজার শহরে যুবদলের দুই নেতার ওপর এলোপাতাড়ি গুলি করেছে মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।  

গুলিবিদ্ধরা হলেন, লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল যুবদল নেতা সাইফুল ইসলাম ও মোহাম্মদ ফারুক। তারা বাইপাস সড়কের কাটা পাহাড় এলাকায় গেলে পেছন থেকে হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী পিছু নেয়। একপর্যায়ে তারা কাছাকাছি গিয়ে প্রথমে পেছন থেকে গুলি করে।  লক্ষ্যভ্রষ্ট হলে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এতে দুজনই গুলিবিদ্ধসহ মারাত্মক আহত হন হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাগ্‌বিতণ্ডা জেরে হত্যা করা হয়েছিল। হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, তারা সাইফুলের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে, ধারণা এলাকাবাসীর।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। যারা এ ঘটনা ঘটিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, যুবদলের দুই নেতার ওপর গুলি বর্ষণের খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যায় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। তাৎক্ষণিক তারা শহরের বিক্ষোভ মিছিল করেছে। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি দিয়েছে নেতৃবৃন্দ।

সন্ত্রাসী হামলার ঘটনার পর নড়ে চড়ে বসেছে জেলা পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। এ সময় তিনি সন্ত্রাসী ঘটনায় জড়িত সকলকে দ্রুত সনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।