কাউখালীতে ইউএনডিপি-এলভিএমএফের দুই দিনব্যাপী ইয়ুথ ক্যাম্প সম্পন্ন

রাঙামাটির কাউখালী উপজেলা লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরামের (এলভিএমএফ) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ইয়ুথ ক্যাম্প মঙ্গলবার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সোমবার (২২ ডিসেম্বর) বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শুরু হওয়া এই প্রশিক্ষণ ক্যাম্পটির সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
সোমবার সকালে ক্যাম্পের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন হোসাইন এবং কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল খালেক।
প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খাসখালী রেঞ্জ অফিসার মো. আব্দুল জলিল, ইউএনডিপি রাঙামাটির প্রজেক্ট সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট উমাচিং মারমা, মংহ্লা অং, ক্লাইমেট চেঞ্জ অ্যানালিস্ট মিনহাজ মনোয়ার এবং সাংবাদিক মো. ওমর ফারুক। ক্যাম্পের দ্বিতীয় দিনে সেশন পরিচালনা করেন ফিউচার নেশন ট্রেনিং কো-অর্ডিনেশন অফিসার খন্দকার আবীর হোসেন নূর, ইউএনডিপি ইয়ুথ এনগেজমেন্ট অফিসার সুমিতা রবি দাস এবং ডিস্ট্রিক্ট এফএফএস অফিসার মো. মেহেদী হাসান।
উপজেলার মোট ৪০ জন যুবক ও যুবতী এই ক্যাম্পে অংশগ্রহণ করেন। প্রথম দিনের সেশন শেষে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানের সমাপনী দিনে অংশগ্রহণকারী ইয়ুথদের হাতে সনদপত্র ও শুভেচ্ছা স্মারক হিসেবে পানির মগ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আয়োজিত এই ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিল পিআরএলসি এবং ইআরআরডি-সিএইচটি।











