কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের বাড়ি থেকে মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার

রাঙামাটি সদর জোন এবং কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার নিচপাড়া এলাকার ইউপিডিএফের এক চাঁদা কালেক্টরের বাড়ি থেকে শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) ভোরে দেশীয় বাংলা মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি সদর জোনের সেনাবাহিনী এবং কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের নিচপাড়া গ্রামের বাসিন্দা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত খীসা গ্রুপ)-এর এরিয়া চাঁদা কালেক্টর সুইউপ্রু মারমার (৪০) বাড়িতে শুক্রবার ভোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুইউপ্রু মারমা সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বসতঘর থেকে দৌড়ে পালিয়ে যান। তল্লাশিকালে তার বাড়ি থেকে দেশীয় তৈরি বাংলা মদ উৎপাদনের বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর চাঁদা আদায়ের বিপুল পরিমাণ রশিদ বই উদ্ধার করা হয়।
পরবর্তীতে মদ উৎপাদনের কাঁচামালগুলো তাৎক্ষণিকভাবে সেখানে ধ্বংস করা হয় এবং উৎপাদনের অন্যান্য সরঞ্জাম (বিপুল পরিমাণ ডেকচি ও পাতিল) কাউখালী থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে কাউখালী থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।











