কাউখালীতে ৩ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’, ভোটার ৫৩ হাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাংবিধানিক গণভোটকে কেন্দ্র করে রাঙামাটির ২৯৯ নম্বর আসনের কাউখালী উপজেলার ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ৩টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার ফটিকছড়ি ও ঘাগড়া ইউনিয়নের অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় এসব কেন্দ্রের অবস্থান।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কাউখালীর চারটি ইউনিয়ন—বেতবুনিয়া, ফটিকছড়ি, ঘাগড়া ও কলমপতির মোট ভোটার সংখ্যা ৫৩ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৭৪০ এবং নারী ভোটার ২৬ হাজার ৩১৪ জন। ২০টি ভোটকেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ৭টি কেন্দ্র ঘাগড়া ইউনিয়নে এবং সর্বনিম্ন ৩টি কেন্দ্র ফটিকছড়ি ইউনিয়নে অবস্থিত।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, চিহ্নিত ৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ২টি ফটিকছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এবং ১টি ঘাগড়া ইউনিয়নের পানছড়ি এলাকায় অবস্থিত। বাকি ১৭টি কেন্দ্রকে এখন পর্যন্ত ঝুঁকিমুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা জানান, “প্রশাসনের মাঠ পর্যায়ের পর্যালোচনায় ৩টি কেন্দ্রকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। বিশেষ করে ফটিকছড়ি ও ঘাগড়া ইউনিয়নের দুর্গম কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে সংসদীয় নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তুতি চলছে।











