কাউখালীর প্রত্যন্ত এলাকা হতে ফেরিওয়ালা নিখোঁজ

সম্প্রতি রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ফেরি করতে গিয়ে এক ফেরিওয়ালা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, উপজেলার পার্শ্ববর্তী রাঙুনিয়ার রানীরহাট বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন ফেরিওয়ালা মো. শহিদ খা (৩৭)। তিনি রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখের রসুলপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কাউখালী উপজেলার মগাইছড়ি, হারাঙী পাড়া, চেলাছড়া, পানছড়ি, উল্টো পাড়া, ঘিলাছড়ি সহ দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন গ্রামে শিশুদের খেলনা ও প্রসাধন সামগ্রী বিক্রি করে বেড়াতেন।
একটি সূত্র জানায়, গত ৬ মাস আগে ঘিলাছড়ির পানছড়ি এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত খীসা গ্রুপ) সদস্যরা তাঁকে আটক করে জোরপূর্বক ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। সে সময় তিনি বিষয়টি কাউকে জানাননি। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) একই এলাকায় পুনরায় ফেরি করতে গিয়ে তিনি নিখোঁজ হন।
এ বিষয়ে সহকর্মীরা তাঁর স্ত্রীকে জানালে তিনি কাউখালী আর্মি ক্যাম্প ও থানায় যোগাযোগ করেন। তবে নিখোঁজ ব্যক্তি রাঙুনিয়ার বাসিন্দা হওয়ায় তাঁকে রাঙুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করায় তাঁকে অপহরণ করা হতে পারে।
নিখোঁজ ব্যক্তির ছোট বোন সুরাইয়া আক্তার (মনি) রাঙুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর: ৯১০, তারিখ: ২০/১২/২০২৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে কাউখালী উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।












