কাপ্তাইয়ে সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত

রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।
সকালে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চে আয়োজিত অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন চার্চের পালক রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার। পরে সকাল ১০টায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা কেক কেটে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম, চট্টগ্রামের সাবেক বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খিসা এবং রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল আলীম।
বক্তারা বলেন, বড়দিন পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহামিলনমেলা। কাপ্তাইয়ের এই সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত। চন্দ্রঘোনা ছাড়াও উপজেলার দুর্গম হরিনছড়া ও আড়াছড়ি ত্রিপুরা পাড়া এলাকার গির্জাগুলোতেও অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে। অনুষ্ঠান শেষে সানডে স্কুলের পক্ষ থেকে শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।












