খাগড়াছড়িতে এনসিপির ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পার্বত্য জেলা খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯ জন পদধারী নেতাসহ তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি শহরের আদালত সড়কে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা দলটির আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই যোগদান করেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই ঐক্যবদ্ধ পথচলা পাহাড়ে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করবে।"
এর আগে এনসিপির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ওয়াদুদ ভূইয়া। তিনি অভিযোগ করেন, এনসিপি নির্দিষ্ট সংখ্যক আসনের বিনিময়ে স্বাধীনতাবিরোধী শক্তির কাছে নিজেদের সমর্পণ করেছে। তাঁর এই রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটেই এনসিপির একটি বড় অংশ বিএনপিতে যোগ দেয়।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রূপালী ত্রিপুরা এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিন। জেলা কমিটির ১৯ জন পদধারী নেতা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েকশ কর্মী-সমর্থক এসময় উপস্থিত ছিলেন। যোগদানকারী নেতারা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











