চকরিয়ায় ডাকাত সরদার আলোচিত তৌহিদ গ্রেপ্তার

কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে হত্যা, ডাকাতি, ধর্ষণ, চুরি ও মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার আসামি তৌহিদকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা-পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে গ্রেপ্তারের পর অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, তৌহিদ দীর্ঘদিন ধরে গরু চুরি এবং প্রবাসীদের বাড়িঘর ও সড়কে ডাকাতির ঘটনায় জড়িত। এলাকায় তিনি ডাকাত দলের সরদার হিসেবেও পরিচিত। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
তাদের দাবি, তৌহিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার অপরাধের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। স্থানীয়দের মতে, তৌহিদ গ্রেপ্তার হওয়ায় এলাকায় চুরি ও ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
এলাকাবাসীর আরও অভিযোগ, নবী হোসেনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকা তৌহিদ অল্প সময়ে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এসব সম্পদের উৎস তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তৌহিদকে গ্রেপ্তারের পর অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে পুলিশের তদন্ত ও আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











