চকরিয়ায় প্রবাসীকে হত্যাচেষ্টা: জমি দখলের চেষ্টায় হামলা ও লুটপাটের অভিযোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে এক প্রবাসীর ক্রয় করা জমি জবরদখলের চেষ্টা ও বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে বাউন্ডারি দেয়াল, গেট, সিসি ক্যামেরা ও কাঁচ ভাঙচুরসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী নুরুল ইসলাম (৪৭), পিতা—মৃত সৈয়দ আহমদ। তিনি কাকারা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। নুরুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করে উপার্জিত অর্থে জমি ক্রয় করে সেখানে বসতঘর নির্মাণ করেন বলে জানান।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, কাকারা মৌজার সৃজিত বিএস ৬৬৯৩ নং খতিয়ানের ৫৬২৩ ও ৫৬২৪ নং দাগের মোট ৭.৫০ শতক জমি তিনি গত ১৯ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দে রেজিস্ট্রি করা সাফকবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় ফরিদুল আলম, সাদ্দাম হোসেন, আমজাদ, আজিজ আহমদ ও রিদুয়ানসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে জমিটি জবরদখলের অপচেষ্টা চালাতে থাকে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তারা তা অমান্য করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার দিন (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে অবৈধভাবে প্রবেশ করে বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়। এ সময় নুরুল ইসলাম বাধা দিলে তাঁকে প্রাণনাশের উদ্দেশ্যে ধাওয়া করা হয় বলে অভিযোগ করেন তিনি।
প্রাণ রক্ষার্থে নুরুল ইসলাম দৌড়ে বাড়িতে প্রবেশ করে গেট বন্ধ করলে হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে বাড়ির গেট, জানালার কাঁচ, টাইলস ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। এতে আরও প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরিস্থিতি বেগতিক দেখে নুরুল ইসলাম জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার খবর পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় বলে জানান তিনি।
অভিযোগে আরও বলা হয়, পুলিশ চলে যাওয়ার পর পুনরায় অভিযুক্তরা এলাকায় সন্ত্রাসী মহড়া দেয়, ফলজ নারকেল গাছ থেকে নারকেল পেড়ে নেয় এবং বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে প্রাণনাশের হুমকি দেয়। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় নুরুল ইসলাম চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ ও একাধিক প্রত্যক্ষ সাক্ষী রয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্তদের দাবি, তারা কোনো ধরনের ভাঙচুর করেননি; বরং উল্টোপক্ষ তাঁদের বাড়ির জানালা ভেঙেছে।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, "অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"










