চকরিয়া থানার বিশেষ ব্লকরেইড অভিযান ও ভোটকেন্দ্র পরিদর্শন

চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের সরাসরি নেতৃত্বে মানিকপুর–সুরাজপুর ইউনিয়নে বিশেষ ব্লকরেইড অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। অভিযানে একাধিক চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) মানিকপুর–সুরাজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট বিট অফিসারসহ চকরিয়া থানা পুলিশের একাধিক টিম অংশ নেয়। অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোর-ডাকাত, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে একাধিক অপরাধীকে আটক করা হয়। অভিযানের ফলে এলাকায় অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বাধীন এ অভিযানকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানান। তাঁরা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে ভবিষ্যতেও পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তাঁরা।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন, "মানিকপুর–সুরাজপুর ইউনিয়নের জনগণ যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে লক্ষ্যেই আমাদের অভিযান। অপরাধ দমনে চকরিয়া থানা পুলিশের কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।"
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবে মানিকপুর–সুরাজপুর ইউনিয়নের চারটি ভোটকেন্দ্র পরিদর্শন করে চকরিয়া থানা পুলিশ। পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা, আশপাশের পরিবেশ ও প্রয়োজনীয় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।
পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চকরিয়া থানা পুলিশের সার্বিক প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত থাকবে।










