চকরিয়ায় চিংড়ি ঘের দখলে নিতে মালিককে কুপিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরের মালিকানা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনজুর আলম (৫৫) নামে এক ঘের মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের বড় ডুমখালী ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালুমঘাটের বড় ডুমখালী ঘোনা এলাকার একটি মৎস্য ঘেরের মালিকানা নিয়ে মনজুর আলমের সাথে একটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। শুক্রবার গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘেরটি দখলে নিতে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা মনজুরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মনজুর আলম ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে এলাকায় অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।












