চকরিয়ায় চড়া দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

কক্সবাজারের চকরিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—উপজেলার মো. সাইফুল ইসলাম ও মো. সাইফুল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রি করে আসছিলেন তারা। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব। তিনি জানান, ভোক্তাদের সাথে প্রতারণা রোধে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










