চকরিয়ায় ছড়াখাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে একটি ছড়াখাল থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়াস্থ খালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ব্রিজের পশ্চিম পাশে ছড়াখালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরনে শীতের জ্যাকেট ও জিন্স প্যান্ট ছিল। আলামত হিসেবে তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ ধারণা করছে, গত দুই-এক দিনের মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর খালে ফেলে গিয়ে থাকতে পারে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, "আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
মরদেহ উদ্ধারকালে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজ এবং খুটাখালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য নাসির উদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










