চকরিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ

“ফ্যামিলি কার্ড কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি বিষয়ক বিশেষ প্রশিক্ষণের ২য় পর্যায়ের পাইলটিং কর্মসূচি কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় চকরিয়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সফি উদ্দিন।
প্রশিক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সঠিকভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং ডাটা এন্ট্রির বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীদের একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে সরকারি সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কৈয়ারবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্যসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।










