চকরিয়ায় বাস-বাইক সংঘর্ষ: হাতে মেহেদির রঙ না শুকাতেই ঝরল প্রবাসীর প্রাণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শফিউল আলম আয়াজ (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ঢালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল আলম আয়াজ চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নামার চিরিংগা এলাকার মোহাম্মদ সেলিম উদ্দিনের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে আয়াজ মোটরসাইকেল চালিয়ে ফাঁসিয়াখালী ঢালা এলাকা অতিক্রম করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি 'হানিফ এন্টারপ্রাইজ'-এর বাস তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আয়াজ দুবাই প্রবাসী ছিলেন। মাত্র কয়েক মাস আগে তিনি ছুটি নিয়ে দেশে ফেরেন এবং মাস দুয়েক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হাতের মেহেদির রঙ এখনো মুছে যায়নি, তার আগেই ঘাতক বাস কেড়ে নিল এই তরুণের প্রাণ। তাঁর এই অকালমৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ চকরিয়া সরকারি হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










