চকরিয়ায় মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর মানিকপুর ১নং ওয়ার্ড সুশীল নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্ণামেন্ট।
বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় মানিকপুর বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক সোমেন মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চোয়ারফাঁড়ি তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান কাউসারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিদুল কান্তি ধর, খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিনহাজ উদ্দিন, এবং উত্তর মানিকপুরের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুর্ণামেন্ট আয়োজন কমিটির প্রধান পৃষ্ঠপোষক সাঈদী ইবনে সৈয়দ।
বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ক্রীড়ার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা সম্ভব।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবাই “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই গঠন করে জীবন” এই শপথে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।












