চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বানৌজা সড়কের মোহাজেরপাড়া প্রবেশমুখে আমিনের দোকানের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার আবুল কালামের ছেলে রাসেল (২১) ও মাহবুব (২৬)। আহত ব্যক্তি একই এলাকার মো. শাহেদ। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল ও মাহবুবকে মৃত ঘোষণা করেন। আহত শাহেদকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোছাইন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।










