চকরিয়ায় সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

চকরিয়া উপজেলার বারো আউলিয়া নগর সড়কটি দীর্ঘদিন অবহেলায় থাকার পর অবশেষে সংস্কারের আওতায় এলেও, নির্মাণকাজে চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঠিকাদার ও স্থানীয় একটি সিন্ডিকেটের ইচ্ছামতো কাজের মান কমিয়ে দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারে নিম্নমানের ইট-বালি ব্যবহার, বালুর পরিবর্তে মাটি ফেলা, নামমাত্র সিমেন্ট প্রয়োগ, এবং গাইডওয়ালে প্রয়োজনীয় প্রলেপ না দেওয়ায় কাজটি টেকসই হবে না। তাদের আশঙ্কা, বর্ষার প্রথম বৃষ্টিতেই সরকারের ব্যয় করা ২ কোটি টাকার প্রকল্প ঝুঁকিতে পড়বে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে এলাকার সচেতন নাগরিকরা কাজের স্থলে গিয়ে অনিয়মের প্রতিবাদ জানান। তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটি সংস্কার হলেও কাজের মান অত্যন্ত নিম্নমানের। ঠিকাদার ও সিন্ডিকেটের অব্যবস্থাপনায় জনস্বার্থের বড় ক্ষতি হচ্ছে। এ ধরনের অনিয়ম এলাকাবাসী কোনোভাবেই মেনে নেবে না।
প্রতিবাদে এলাকাবাসী কাজ বন্ধ ঘোষণা করেন এবং দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা জানান, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে এই প্রকল্পের অর্থ কাদায় মিশে যাবে এবং ভোগান্তি পোহাতে হবে হাজারো পথচারীকে।
সংস্কারকাজটি ডেলটা ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানকে ২ কোটি ৯ হাজার টাকা বাজেটে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে হস্তান্তরের কথা রয়েছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনচার্জ মো. কাশেম বলেন, এটি কাজ নিয়ে দুই পক্ষের ব্যবসায়িক বিরোধ। আমাদের কাজে কোনো অনিয়ম নেই।
চকরিয়া উপজেলার সহকারী প্রকৌশলী মো. আলমগীর বলেন, স্থানীয়রা কাজ বন্ধ করে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়েছি। কিছু টুকটাক সমস্যা ছিল, তা সমাধান করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা সাংবাদিককে ফোনে বলেন, আপনারা কাজের অনিয়ম দেখলে সংবাদ করে দেন।










