চকরিয়ায় হামের লক্ষ্মণ : হাসপাতালে ভর্তি ২ রোগী, বাড়ছে উদ্বেগ

চকরিয়া উপজেলায় হামের লক্ষ্মণ নিয়ে দুজন রোগী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এর প্রভাব চকরিয়াতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন জানান, গত দুই দিনে হামের লক্ষ্মণ নিয়ে দুইজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া হবে তারা হাম আক্রান্ত কিনা।
স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, আমরা ইতিমধ্যে কর্মরত চিকিৎসক, নার্স ও বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মীদের নিয়ে একাধিক প্রস্তুতি বৈঠক করেছি।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।










