চট্টগ্রামে রপ্তানি চালানে ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

চট্টগ্রামে রপ্তানি চালানে ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

চট্টগ্রামে রপ্তানি চালানে ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
ছবি সংগৃহীত।

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পোশাক রপ্তানির ঘোষণা দিয়ে, স্থানীয়ভাবে সংগ্রহ করা স্টকলটের তৈরি পোশাক রপ্তানির চেষ্টা করেছে একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় প্রায় ৭৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালিয়ে এ অনিয়ম শনাক্ত করে কাস্টমস হাউস আইসিডি, চট্টগ্রামের প্রিভেন্টিভ টিম।

কাস্টমসের তথ্যমতে, গাজীপুরের বিকেসি সোয়েটার লিমিটেড নামের রপ্তানিকারক প্রতিষ্ঠানের একটি রপ্তানি পণ্যচালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরীক্ষায় দেখা যায়, রপ্তানির জন্য ঘোষণায় তিন ধরনের মোট ৪০ হাজার ৮টি পোশাকের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ছিল ৩৯ হাজার ৩৭৯ পিস লেডিস, মেনস ও সোয়েটার, ৪৫৮ পিস লেডিস স্কার্ট এবং ১৭১ পিস লেডিস প্যান্ট। কিন্তু চালানে এসব পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ধরনের ৪০ হাজার ৮ পিস স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়।

চালানটির ঘোষিত রপ্তানি মূল্য ছিল ৫২ হাজার ১০.৪০ মার্কিন ডলার। পণ্যগুলোর গন্তব্য দেখানো হয়েছিল লেবানন। তবে ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) নোটিফাই পার্টি হিসেবে বেলজিয়ামের নাম উল্লেখ ছিল।

প্রাথমিক অনুসন্ধানে কাস্টমস জানতে পারে, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় আমদানি করা বিভিন্ন ধরনের সুতা ও কাঁচামাল এবং পোশাকের আনুষঙ্গিক উপকরণ ব্যবহারের ঘোষণা দিয়ে পণ্য রপ্তানির চেষ্টা করেছে। এসব কাঁচামালের মধ্যে ছিল অর্গানিক কটন, নাইলন, পলিয়েস্টার ও রিসাইকেলড পলিয়েস্টার। এ ছাড়া রপ্তানি পণ্যে আরএফআইডি, মেটাল জিপার ও বিভিন্ন ধরনের লেবেল ব্যবহারের তথ্যও রয়েছে।

কাস্টমসের প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে ঘোষিত পোশাক উৎপাদন ও রপ্তানি না করে স্থানীয়ভাবে সংগ্রহ করা স্টকলটের পোশাক রপ্তানির চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ অবৈধভাবে অপসারণের বিষয়টিও উঠে এসেছে।

কাস্টমসের হিসাবে, এ ঘটনায় সরকারের প্রায় ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে উদ্ঘাটিত হয়েছে। সব মিলিয়ে রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৭৪ লাখ ৪৮ হাজার টাকা।

এ বিষয়ে কাস্টমস হাউস আইসিডি, চট্টগ্রাম জানিয়েছে, উদ্ঘাটিত অনিয়মের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।




বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন আরও দুই শিক্ষার্থী, কধুরখীল মাদ্রাসায় নতুন করে উচ্ছ্বাস

বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন আরও দুই শিক্ষার্থী, কধুরখীল মাদ্রাসায় নতুন করে উচ্ছ্বাস
ছবি সংগৃহীত।

বোয়ালখালী উপজেলার কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বোর্ড চ্যালেঞ্জে ফল পরিবর্তিত হওয়ায় নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী মুহাম্মদ ইয়াসিন রেজা ও তাহছিনা ইয়ামিন তারান্নুম। এর আগে মূল ফলাফলে মাদ্রাসাটির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিলেন সাঈদাতুন নুর মুনতাহা।

প্রথম প্রকাশিত ফলাফলে ইয়াসিন রেজার জিপিএ ছিল ৪.৮৩ এবং তাহছিনা ইয়ামিন তারান্নুমের ছিল ৪.৯৩। পরে ফল পুনর্নিরীক্ষণে উভয়ের ফলাফল পরিবর্তিত হয়ে জিপিএ-৫ আসে।

ইয়াসিনের স্বপ্ন প্রশাসনিক ক্যাডার, তাহছিনা হতে চান শিক্ষক

মুহাম্মদ ইয়াসিন রেজা বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তাঁর বাবা মাওলানা মুহাম্মদ রেজাউল করিম এবং মা শায়রা পারভীন। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। আলিম পরীক্ষায় ১ হাজার ৫০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ১ হাজার ২২০।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসছেন ইয়াসিন। পঞ্চম শ্রেণিতে সরকারি বৃত্তি অর্জনের পাশাপাশি দাখিল পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। শিক্ষাজীবনের শুরুতে আল আমিন ইসলামিক ইনস্টিটিউটে পড়লেও ষষ্ঠ শ্রেণি থেকে আলিম পর্যন্ত কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ভবিষ্যতে প্রশাসনিক ক্যাডারে যোগ দিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান ইয়াসিন।

অন্যদিকে একই মাদ্রাসার শিক্ষার্থী তাহছিনা ইয়ামিন তারান্নুমও বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁর বাবা আবদুর রহিম এবং মা জেবুন নাহার। আলিম পরীক্ষায় ১ হাজার ৫০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ১ হাজার ২০৮। ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তাহছিনা; শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য কাজ করতে চান তিনি।

এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী সাঈদাতুন নুর মুনতাহা জিপিএ-৫ অর্জন করেন। তখন বোয়ালখালী উপজেলার ছয়টি মাদ্রাসার মধ্যে তিনিই ছিলেন একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নের কথা জানিয়েছিলেন মুনতাহা।

শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দিত মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুল হক। তিনি বলেন, জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা মেধাবী ও মনোযোগী। পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় তারা এ সাফল্য অর্জন করেছে। বোর্ড চ্যালেঞ্জের পর একই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

ইয়াসিনের বাবা মাওলানা মুহাম্মদ রেজাউল করিম বলেন, ছোটবেলা থেকেই ইয়াসিন পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী। তাঁর এ অর্জনে বাবা-মা হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত। সন্তানের স্বপ্ন পূরণে সবার দোয়া কামনা করছি।

তাহছিনার বাবা আবদুর রহিম বলেন, প্রথম প্রকাশিত ফলাফলে মেয়ের জিপিএ-৪.৯৩ আসার পরও আমরা আশাবাদী ছিলাম। ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর পরিশ্রম ও অধ্যবসায়ের যথাযথ স্বীকৃতি মিলেছে। ভবিষ্যতে তিনি একজন আদর্শ শিক্ষক হয়ে মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিক, এটাই আমাদের প্রত্যাশা।

মুনতাহার বাবা মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াস শিকদারও মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেছিলেন, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে, এটাই তাদের প্রত্যাশা।

উল্লেখ্য, কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় ৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ৩৩ জন। প্রথম প্রকাশিত ফলাফলে একজন জিপিএ-৫ পেলেও বোর্ড চ্যালেঞ্জের পর আরও দুইজনের ফল পরিবর্তন হওয়ায় মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা তিনজনে পৌঁছাল।




৩৩ বছর শিক্ষকতার পর বিপ্লব সরকারের রাজকীয় বিদায়

৩৩ বছর শিক্ষকতার পর বিপ্লব সরকারের রাজকীয় বিদায়
ছবি সংগৃহীত।

গলায় পুষ্পমাল্য, হাতে সম্মাননা স্মারক ও নানা উপহার নিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন তিনি। দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের শেষ কর্মদিবসে এভাবেই রাজকীয় বিদায় নিলেন শিক্ষক বিপ্লব সরকার।

নিষ্ঠাবান শিক্ষক হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকারকে এই সম্মাননা জানানো হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে তাঁর এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ের মুহূর্তে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের হলরুমে পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।

সহকারী শিক্ষক প্রজীব কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক সদস্য মো. সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজি আবু আকতার, পৌরসভা বিএনপি নেতা মো. লোকমান, শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, দিল আফরোজ রিতা, সেলিম মাহমুদ, শরিফ জাহান, মাহবুবুর রশীদ, কান্তা তেওয়ারি, রিমি বড়ুয়া, মোছাম্মৎ মাওয়া, রাজীব চৌধুরী ও মোহাম্মদ রফিকসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

অনুষ্ঠানে অতিথিরা ও শিক্ষার্থী-অভিভাবকেরা বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকারের দীর্ঘ ৩৩ বছরের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। পরে বিদায়ী শিক্ষক নিজের অনুভূতি ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেন।




পদ্ম গোখরার ছোবলে নিভে গেল ২১ মাস বয়সী শিশু আবদুল্লাহর প্রাণ

পদ্ম গোখরার ছোবলে নিভে গেল ২১ মাস বয়সী শিশু আবদুল্লাহর প্রাণ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বোয়ালখালীতে বিষধর পদ্ম গোখরার ছোবলে আবদুল্লাহ (২১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু আবদুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা খান বাহাদুর পাড়ার প্রবাসী ওসমান আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার পর ঘরের ভেতরে থাকা অবস্থায় হঠাৎ কান্নাকাটি শুরু করে আবদুল্লাহ। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি স্বাভাবিক মনে করলেও কিছুক্ষণের মধ্যেই একটি সাপকে সরে যেতে দেখেন। পরে শিশুটির বগলের নিচে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায় এবং সাপটির ছবি দেখে এটিকে বিষধর পদ্ম গোখরা হিসেবে শনাক্ত করা হয়।

শিশুটির চাচা তাহসিন জানান, ঘটনার পরপরই আবদুল্লাহকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগের পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অ্যান্টিভেনম প্রয়োগের পরও শিশুটিকে বাঁচাতে না পেরে গভীর শোক ও আক্ষেপ প্রকাশ করেছেন স্বজনরা।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মমিতা দাশ শিশুটিকে অ্যান্টিভেনম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ধোরলা খান বাহাদুর পাড়া ও আমুচিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।