চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি ৩ জনসহ ৫ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির ৩ জনসহ ৫ প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম, এনসিপির মনোনীত প্রার্থী জুবাইরুল আলম মানিক ও ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী এস.এম শাহজাহানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে একই দিন বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসের পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর ছেলে সাহওয়াজ জামাল নিজামসহ বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার মুহাম্মদ রফিক, হাজী জাগির আহমদ সওদাগর, দিল মুহাম্মদ মনজু, এম. মনসুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী মুহাম্মদ ফোরকান ও জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির। আলী আব্বাসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর ছেলে মো. ইমতিয়াজ উদ্দিন চৌধুরী ফয়সাল, বিএনপি নেতা এম মঈনুদ্দিন চেয়ারম্যান ও আসাদুজ্জামান আসিফ।
অপরদিকে এনসিপির মনোনীত প্রার্থী জুবাইরুল আলম মানিকের পক্ষে মাহমুদ উল্লাহ ও মঈম উদ্দিন এবং ইসলামী ফ্রন্টের প্রার্থী এস.এম শাহজাহানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন মাওলানা ইদ্রীস আনসারী ও মোরশেদুল আলম। এছাড়াও প্রার্থীদের দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্তমানে এ আসনটিতে আনোয়ারায় ১১টি এবং কর্ণফুলীতে ৫টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে আনোয়ারায় ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৪৩০ জন এবং কর্ণফুলীতে ১ লাখ ০৭ হাজার ৮৯৪ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, সোমবার তিনজন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তাঁদের নির্বাচনী আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ পর্যন্ত আনোয়ারা থেকে তিন প্রার্থীর পক্ষেই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।











