চট্টগ্রাম-১৩ আসনে ভোটের হাওয়া: একই দিনে বিএনপির তিন নেতার মনোনয়ন সংগ্রহ

দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে বইছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। এর অংশ হিসেবে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) এলাকায় নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে। সোমবার একই দিনে এই আসন থেকে বিএনপির তিন হেভিওয়েট নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে কৌতূহল ও গুঞ্জনের জন্ম দিয়েছে।
সকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তারের কার্যালয় থেকে সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এরপর বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পৃথকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন এবং দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আব্বাস। একই আসন থেকে বিএনপির তিনজন প্রভাবশালী নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করায় সাধারণ ভোটারদের মনে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতাদের পাশাপাশি এদিন অন্যান্য দলের প্রার্থীরাও তৎপর ছিলেন। বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী সৈয়দ মুহাম্মদ শাহজাহান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী জুবাইরুল আলম মানিকও এদিন তাঁদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পক্ষে তাঁর পুত্র সাহওয়াজ জামাল নিজাম মনোনয়ন ফরম গ্রহণ করেন। অন্যদিকে, লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে ফরম সংগ্রহ করেন তাঁর অনুসারী দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার মুহাম্মদ রফিক, হাজী জাগির আহমদ সওদাগর, দিল মুহাম্মদ মনজু, এম. মনসুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী মুহাম্মদ ফোরকান এবং জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আব্বাসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর পুত্র মো. ইমতিয়াজ চৌধুরী ফয়সাল এবং বিএনপি নেতা এম. মঈনউদ্দিন চেয়ারম্যান ও আসাদুজ্জামান আসিফ। এ ছাড়াও এনসিপি প্রার্থী জুবাইরুল আলম মানিকের পক্ষে মাহমুদ উল্লাহ ও নঈম উদ্দিন এবং ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ মুহাম্মদ শাহজাহানের পক্ষে মাওলানা মোহাম্মদ ইদ্রিস আনসারী ও মো. মোরশেদুল আলম ফরম সংগ্রহ করেন।
চট্টগ্রাম-১৩ আসনটি আনোয়ারার ১১টি ইউনিয়ন এবং কর্ণফুলীর ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৩২৪ জন, যার মধ্যে আনোয়ারায় ২ লাখ ৭৩ হাজার ৪৩০ জন এবং কর্ণফুলী উপজেলায় ১ লাখ ০৭ হাজার ৮৯৪ জন ভোটার রয়েছেন।
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র জানান, মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি ও আইন যথাযথভাবে মেনে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।












