চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
ছবি সংগৃহীত।

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজ ১১২ জন যাচ্ছেন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি। অনেক দিন ধরে এই কার্যক্রম বন্ধ ছিল। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশেরও লাভ হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজ করতে গেলে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। ভাষা জানা থাকলে কর্মীদের কাজ করতে অনেক সুবিধা হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সুস্থভাবে সেখানে পৌঁছে ভালোভাবে কাজ করবেন। সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। একজন কর্মীর কাজ ও আচরণ দেখে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করবে। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে তাদের দেখে অন্য বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতেও বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।

তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ওই দেশের আইনকানুন ও ঐতিহ্য মেনে চলবেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।’

প্রধানমন্ত্রী কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

পরে রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। কর্মীদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।




পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাই না, তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি। আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।’

প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।’

তিনি বলেন, ‘যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।’

বিজয়ের মাস উপলক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে ১ তারিখ থেকেই বিজয়ের মাস পালন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।’




চাহিদা পাওয়া গেছে ১০৪৮ কর্মীর

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত।

আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হচ্ছে। আজ বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাদের বিদায় শুভেচ্ছা জানাবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে প্রথম ধাপে ১১২ জন কর্মী কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

এদিন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

রাশেদুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে আজ সন্ধ্যায় ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। তারা ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া)-তে মাসিক ১ জাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে, তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে, নিয়োগকর্তার দেওয়া আবাসন ও চিকিৎসা সুবিধাসহ কাজ করবেন।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, শূন্য মানে শূন্য। এই কর্মসূচিতে কর্মীকে বোয়েসেল বা অন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সমুদয় ব্যয় নিয়োগকর্তা বহন করছে। জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে কর্মীদের সাশ্রয় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

কর্মী বাছাই স্বচ্ছ ও দালালমুক্ত ছিল জানিয়ে তিনি বলেন, ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জন, এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে ১১২ জন নির্বাচিত হন।

রাশেদুল হক বলেন, এটি কেবল শুরু। মালয়েশিয়ার ৪টি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে। ডিএইচএল (১১২), টপ গ্লোভ (৩৭৯), তাতাওয়া ইন্ডাস্ট্রি (৩২) ও ইউনাইটেড প্লান্টেশন (৫২৫)।

কবে নাগাদ দ্বিতীয় দফার কর্মীরা মালয়েশিয়া যাবেন জানতে চাইলে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এটি ৫ ডিসেম্বর বা ৯ ডিসেম্বর হতে পারে। পরবর্তীতে যাদের পাঠানো হবে তারা অন্য আরেকটি কোম্পানিতে যাবেন।

সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে, যাদেরকে লটারির মাধ্যমে বাছাই করা হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার হবে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধারা।

২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় বাজার বন্ধ। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। জুনে মালয়েশিয়া সফরে গিয়ে বাংলাদেশিদের জন্য শ্রমবাজারটি খুলে দিতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথমবার বন্ধ হয় ২০০৮ সালে। এরপর ২০১৬ সালে শ্রমবাজারটি আবার খোলা হলেও দুর্নীতির অভিযোগের মুখে ২০১৮ সালে ফের বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০২২ সালে বাজারটি আবার খুললেও ২০২৪ সালে বন্ধ হয়ে যায়।

২০১৮ এবং ২০২২ সালে সই করা সমঝোতায় স্মারকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৩১ মে বন্ধ হওয়া দেশটির শ্রমবাজারে বন্ধ দুয়ার আজ খুলছে।




পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে বর্তমানে বাণিজ্যিক এবং প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপন্ন হচ্ছে, যা অবশ্যই আশাব্যাঞ্জক। পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে এই খাতে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে। পোল্ট্রি খাতের সঙ্গে বর্তমানে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যার মধ্যে ৪০ শতাংশই নারী। বর্তমানে এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

সরকার প্রধান বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি দৈনিক জীবিকা নির্বাহের জন্য পশু পালন করে থাকেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা অজস্র খামার দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই পশুপ্রাণীর চিকিৎসা নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

প্রাণিসম্পদের উন্নয়ন ও বিকাশের প্রধান অন্তরায় বিভিন্ন ধরনের রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জেনে আশ্বস্ত হবেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ইতোমধ্যে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে, যদিও এটি পর্যাপ্ত নয়। এ কারণে সরকার ইতোমধ্যে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, গ্রামীণ বা কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি নিজেরাই নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান দিতে এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে সক্ষম হই, তবে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়া কঠিন কিছু নয়। শুধু প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা এবং এর সঠিক বাস্তবায়ন। যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী হয়, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তিও তত বেশি বিকশিত হয়। তাই মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত। আমরা একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের জন্য এগিয়ে যাচ্ছি, আর মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের শতকরা ৫৬ ভাগ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হয়। প্রাণিজ আমিষের উৎপাদন কেবল খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।

তারেক রহমান বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনেই সীমাবদ্ধ নয় বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ; আর কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী খাতে রূপ নিচ্ছে। বর্তমান সরকারের সময়কালে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এই খাতের বিকাশে সরকার সব ধরনের নীতি সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা পর্যায়ক্রমে আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশ একদিকে প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হয়ে উঠবে, অন্যদিকে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা।

বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। 
বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এভাবে আমাদের নিত্যনতুন রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে এবং বিদেশে প্রাণিজ পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সামনে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্যের রপ্তানি বাজার আরও সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরে মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি হয়ে থাকে। এসব উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাস জমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দের সুযোগ রয়েছে। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যথাযথ উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে দেশে, বিশেষ করে শহরাঞ্চলে আর্থিকভাবে সক্ষম মানুষের মাঝে উন্নত বিশ্বের মতো পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালন অনেক বৃদ্ধি পেয়েছে। এগুলো একদিকে যেমন মানুষের মানসিক প্রশান্তির কারণ হয়ে উঠেছে, অন্যদিকে অনেকের কাছে আয়েরও উৎস। তবে মনে রাখতে হবে, মানুষের যেমন অধিকার রয়েছে, তেমনি পশুপাখির অধিকার সম্পর্কেও অবহেলা করা চলবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, জীবজন্তু কিংবা পশুপাখির জন্যও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি অধিকার রয়েছে। প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে। প্রাণিকে অস্বস্তিতে রাখা চলবে না। ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে। স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দিতে হবে এবং সর্বোপরি প্রাণীকে ভয় ও মানসিক যন্ত্রণা দেওয়া যাবে না। মানবিক মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন থাকা মানবিক দায়িত্ব।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা। আমাদের খামারিরাই প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি। তাদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগের ফলেই দেশের প্রাণিসম্পদ খাত এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে যারা ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ পেয়েছেন, তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি এবং দেশের লাখো উদ্যোক্তা, গবেষক ও খাতসংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে এক নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে উৎপাদিত প্রাণি ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে ‘ফুড সেফটি’ এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজাত পণ্য প্রসেসিং সেন্টার ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।