চিরিঙ্গা হাইওয়ে থানায় ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শাহিনুর আলম খান রবিবার(১৪ জুন) চিরিঙ্গা হাইওয়ে থানা কম্পাউন্ডে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিনসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
গাছের চারা রোপণ শেষে পুলিশ সুপার মোঃ শাহিনুর আলম খান তাঁর আওতাধীন সকল থানা কম্পাউন্ডে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন, ভিটামিন ও ভেষজ ওষুধের প্রাকৃতিক উৎস হলো গাছ। তাই প্রতি বছর বর্ষা মৌসুমে খালি জায়গা ও বাড়ির আঙিনায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।
তিনি আরও বলেন, চিরিঙ্গা হাইওয়ে থানাসহ কুমিল্লা রিজিয়নের সকল থানায় গাছের চারা উপহার দেওয়া হয়েছে। চলতি মৌসুমে কুমিল্লা রিজিয়নের বিভিন্ন থানা ও অফিস কম্পাউন্ডে প্রায় ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।












