টেকনাফে ইয়াবাসহ উপজেলা আ.লীগের বহিষ্কৃত নেতা আটক

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ হাফিজ উল্লাহ (৬৬) নামের একজনকে আটক করেছে কোস্টগার্ড।
তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ডেইলপাড়ার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় কোস্টগার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হাফিজ উল্লাহকে আটক করা হয়।
জব্দ করা ইয়াবা ও আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সূত্র থেকে জানা গেছে, হাফিজ উল্লাহকে এর আগেও দুবার ইয়াবাসহ আটক করা হয়। এ কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ।










